বান্দরবানে টানা বর্ষণে পাহাড়ধসে বন্ধ সড়ক দ্রুত সচল করল হিল আনসার-ভিডিপি

 

১৩ জুলাই ২০২৬ (সোমবার): টানা ভারী বর্ষণে বান্দরবান জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধস ও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং জরুরি সহায়তা প্রদানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (হিল-ভিডিপি) সদস্যরা স্বেচ্ছাসেবী হিসেবে নিরলসভাবে কাজ করে চলেছেন।

আজ নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের প্রধানঝিরি থেকে জামছড়িগামী সড়কে টানা ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ধসের সৃষ্টি হয়। পাহাড় থেকে নেমে আসা বিপুল পরিমাণ মাটি এবং উপড়ে পড়া কয়েকটি গাছ সড়কের ওপর পড়ে যাওয়ায় রাস্তাটি সম্পূর্ণরূপে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুপুর ২টা ৩০ মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী কোম্পানি কমান্ডার মোহাম্মদ যোবায়ের হোসেনের নেতৃত্বে একদল হিল-ভিডিপি সদস্য ঘটনাস্থলে পৌঁছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়ক পরিষ্কার ও উদ্ধার কার্যক্রম শুরু করেন। তারা সড়কের ওপর জমে থাকা পাহাড়ধসের মাটি অপসারণ করেন এবং উপড়ে পড়া গাছ কেটে দ্রুত সরিয়ে ফেলেন। হিল-ভিডিপি সদস্যদের সমন্বিত ও নিরলস প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই সড়কটি পুনরায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা সম্ভব হয়। তাদের এই সময়োপযোগী উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি লাঘব হয় এবং দ্রুত স্বাভাবিক যান ও জনচলাচল পুনরুদ্ধার হয়।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু নিরাপত্তা প্রদানেই নয়, বরং উদ্ধার কার্যক্রম, মানবিক সহায়তা, জনসচেতনতা সৃষ্টি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় জনগণের নির্ভরযোগ্য সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মানুষের জীবন, সম্পদ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে বাহিনীর সদস্যরা দেশ ও জনগণের কল্যাণে সর্বদা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

দুর্যোগে প্রথম সারিতে, নিরাপত্তায় সবসময়–বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url